ঢাকার সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় এলাকা থেকে চাল জব্দ ও তিন জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় নিশ্চিত করেননি পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী লেনে সাভারের পাকিজার মোড় এলাকায় পুলিশ তল্লাশি জন্য একটি ট্রাককে সিগনাল দেন। এসময় ট্রাকের ভেতরে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লিখা রয়েছে দেখে পুলিশ চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখতে চায়। এতে ট্রাকের চালকসহ তিনজন চালের চালান এবং বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। পরে পুলিশ ট্রাক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই মো. নিয়ামত বলেন, ৩৬১ বস্তা খাদ্য অধিদপ্তরের চাল জব্দ করা হয়েছে। এ সময় চাল বহনকারী ট্রাক জব্দ ও চালক-হেলপারসহ তিন জনকে আটক করেছি। মূলত চালের চালান বা নিয়ে আসার কোনো পাশ ছিল না।
অবৈধভাবে চাল নিয়ে ফরিদপুরের ভাঙা এলাকায় যাচ্ছিল। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

