খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং আলম মন্ডল (৫৫)। তারা দুজনই উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।
গুলিতে লোকমান হাকিমের মাথায় গুরুতর আঘাত লাগে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে, আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান বাহুতে গুলি লাগে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

