রাজশাহীর তানোর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নিয়োজিত সনদপ্রাপ্ত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদার করতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাব-রেজিস্ট্রি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন তানোর সাব-রেজিস্ট্রার ইয়াসির আরাফাত এবং দুর্গাপুর উপজেলার সাব-রেজিস্ট্রার নাজমুল হোসাইন।
প্রশিক্ষকগণ দলিল লেখকদের দলিল সংক্রান্ত নানা বিষয়ে দিকনির্দেশনা দেন এবং জমি রেজিস্ট্রি বিষয়ে নানাবিধ আইন-কানুন তুলে ধরেন। কোনোভাবেই যেন সরকারি সম্পত্তি ও রাজস্ব ফাঁকি না হয়, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেন। পাশাপাশি সঠিক কাগজপত্র যাচাই-বাছাই করে দলিল রেজিস্ট্রি করার পরামর্শ দেন।
বিশেষ করে নতুন সনদপ্রাপ্ত দলিল লেখকরা এমন প্রশিক্ষণে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই কর্মশালার মাধ্যমে অনেক অজানা বিষয় সম্পর্কে জানতে পেরেছেন।
এর আগে প্রশিক্ষকরা অফিসে আসামাত্রই তানোর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ আব্দুস সামাদ, সহসভাপতি আলহাজ খাইরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
কর্মশালায় প্রবীণ ও নবীন দলিল লেখক এবং অফিসের নকল নবীশরা অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

