বাগেরহাটের রামপালে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে প্রায় ৫ হাজার অসহায় ও দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। মানবিক এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল অন্ধত্ব প্রতিরোধ এবং দরিদ্র মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “সমাজের প্রবীণ ও অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তারা যেন আবার দৃষ্টিশক্তি ফিরে পান, সেই লক্ষ্যেই এ আয়োজন।”
তিনি আরও জানান, ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে এ ধরনের চক্ষু ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষের চোখের অপারেশন এবং লক্ষাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
দিনব্যাপী শিবিরে রোগীদের বিনামূল্যে পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি ছানি ও অন্যান্য চোখের অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে, যাদের ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে।
চিকিৎসাসেবা পেয়ে খুশি উপকারভোগীরা বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের মতো অসহায় মানুষের জন্য বড় আশীর্বাদ।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

