নড়াইল সদর উপজেলায় পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে এক পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, যাকে ঢাকায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লি গ্রামের বাসিন্দা। আহত জিহাদ মোল্যা (২৭) একই ইউনিয়নের চামরুল গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দর আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত একটি ফিলিং স্টেশনে ডিজেল নিতে আসেন এক ট্রাকচালক। তবে পাম্পে তেল না থাকায় তাকে তেল সরবরাহ করা সম্ভব হয়নি। এ নিয়ে ট্রাকচালকের সঙ্গে পাম্প ম্যানেজার নাহিদের বাকবিতণ্ডা হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে ট্রাকচালক ক্ষুব্ধ হয়ে ম্যানেজারকে ট্রাক দিয়ে চাপা দেওয়ার হুমকি দেন। পরে গভীর রাতে নাহিদ সরদার ও সহকর্মী জিহাদ মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দিলে পেছন থেকে ট্রাকটি ধাওয়া করে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন জিহাদ।
ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাকবিতণ্ডার পরও সংশ্লিষ্ট ট্রাকটি পাম্প এলাকায় অবস্থান করছিল। রাত ২টা ১০ মিনিটের দিকে নাহিদ পাম্প থেকে বের হলে ট্রাকটি দ্রুতগতিতে তাদের পিছু নেয়।
হাইওয়ে পুলিশের ওসি সেকেন্দর আলী জানান, এ ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

