রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ তিনজনের মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রায় ৬ ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র ক্রেন দিয়ে বাসটি তোলা হয়।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আরও তিনজনের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটিতে ৪০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ৫ থেকে ৭ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, বাকিরা পানিতে তলিয়ে যান।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটির নেতৃত্বে রয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এবং অন্যটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত। উভয় কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতদের মধ্যে অধিকাংশের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে ২৪ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাট এলাকা।
দুর্ঘটনায় নিহত যাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন:
১. রেহেনা আক্তার (৬১), স্বামী- মৃত ইসমাঈল হোসেন খান, রাজবাড়ী পৌরসভা।
২. মর্জিনা খাতুন (৫৬), স্বামী- মো. আবু বক্কর সিদ্দিক, কুষ্টিয়া পৌরসভা।
৩. রাজীব বিশ্বাস (২৮), বাবা- হিমাংশু বিশ্বাস, খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া সদর।
৪. জহুরা অন্তি (২৭), বাবা- মৃত ডা. আবদুল আলীম, রাজবাড়ী পৌরসভা।
৫. কাজী সাইফ (৩০), বাবা- কাজী মুকুল, রাজবাড়ী পৌরসভা।
৬. মর্জিনা আক্তার (৩২), স্বামী- রেজাউল করিম, ছোট ভাকলা, গোয়ালন্দ।
৭. ইস্রাফিল (৩), বাবা- দেলোয়ার হোসেন, খোকসা, কুষ্টিয়া।
৮. সাফিয়া আক্তার রিন্থি (১২), বাবা- রেজাউল করিম, ছোট ভাকলা, গোয়ালন্দ।
৯. ফাইজ শাহানূর (১১), বাবা- বিল্লাল হোসেন, কালুখালী, রাজবাড়ী।
১০. তাজবিদ (৭), বাবা- কেবিএম মুসাব্বির, রাজবাড়ী পৌরসভা।
১১. আরমান খান (৩১), বাবা- আরব খান, বালিয়াকান্দি, রাজবাড়ী (বাসচালক)।
১২. নাজমিরা বা জেসমিন (৩০), স্বামী- আব্দুল আজিজ, কালুখালী, রাজবাড়ী।
১৩. লিমা আক্তার (২৬), বাবা- সোবাহান মণ্ডল, রাজবাড়ী সদর।
১৪. জোস্ন্যা (৩৫), স্বামী- মান্নান মণ্ডল, রাজবাড়ী সদর।
১৫. মুক্তা খানম (৩৮), স্বামী- মৃত জাহাঙ্গীর আলম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
১৬. নাছিমা (৪০), স্বামী- মৃত নূর ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর।
১৭. আয়েশা আক্তার সুমা (৩০), স্বামী- মো. নুরুজ্জামান, আশুলিয়া, ঢাকা।
১৮. সোহা আক্তার (১১), বাবা- সোহেল মোল্লা, রাজবাড়ী পৌরসভা।
১৯. আয়েশা সিদ্দিকা (১৩), বাবা- গিয়াসউদ্দিন রিপন, সমসপুর, খোকসা, কুষ্টিয়া।
২০. আরমান (৭ মাস), বাবা- নুরুজ্জামান, শৈলকুপা, ঝিনাইদহ।
২১. আব্দুর রহমান (৬), বাবা- আব্দুল আজিজ, কালুখালী, রাজবাড়ী।
২২. সাবিত হাসান (৮), বাবা- শরিফুল ইসলাম, রাজবাড়ী সদর।
২৩. আহনাফ তাহমিদ খান (২৫), বাবা- ইসমাইল হোসেন খান, রাজবাড়ী সদর।
২৪. উজ্জ্বল, বাবা- মজনু শেখ, কালুখালী, রাজবাড়ী।
২৫. আসরাপুল, বাবা- আফসার, কালুখালী, রাজবাড়ী।
২৬. জাহাঙ্গীর, বাবা- সানি উল্লা, কালুখালী, রাজবাড়ী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

