মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিন ইসলাম (২৫) নিহত হয়েছে। ঐ দুর্ঘটনায় তিনিসহ আরো চার বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত তাজ উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহতের খালাতো ভাই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।আব্দুল খালেক জানান, তাজ উদ্দিনের চার বোন। তার অন্যকোন ভাই নেই।
তার নিজের চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেছে। তার বাবা কিডনি জনিত রোগে আক্রান্ত।
তিনি আরও জানান, জীবিকার তাগিদে প্রায় চার লাখ টাকা খরচ করে তাজ উদ্দিন প্রায় ৮ মাস আগে মালদ্বীপে যান। সেখানে সে একটি আবাসিক হোটেলে (রিসোর্ট) কাজ করতেন। গণমাধ্যম সূত্র জানায়, শুক্রবার ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
পরে গেস্টহাউসের ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় সাত বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা হলেন মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম, তাজ উদ্দিন ইসলাম ও মো. নুর নবী সরকার। এছাড়া গুরুতর আহত অপর দুই বাংলাদেশি কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

