মৌলভীবাজারের কমলগঞ্জে আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে অন্তত তিনটি ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। এতে শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুরে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়। উপজেলার শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙে রাস্তায় পড়ে যায়।
এছাড়া উপজেলার আরও কয়েকটি স্থানে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা ঝড়ে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। ফলে দুপুর থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
ঝড় থামার পর বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন ও সরঞ্জাম মেরামতের কাজ শুরু করেছেন। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, কালবৈশাখী ঝড়ে কয়েকটি স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

