সান্তাহার–দিনাজপুর–পঞ্চগড় রুটে চলাচলকারী সেভেন আপ ও এইট ডাউন মেইল ট্রেন দুটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাকালীন সময়ে মান্ধাতা আমল কর্তৃক বন্ধ করা হয় এই ট্রেন দুটি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অন্যান্য আন্তনগর ও মেইল ট্রেন স্বাভাবিকভাবে চললেও, প্রায় সাত বছর ধরে সেভেন আপ ও এইট ডাউন ট্রেন চালু হয়নি। রেলওয়ে কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
ভুক্তভোগি যাত্রীরা জানান, রংপুর, পার্বতীপৃর, দিনাজপুর ও পঞ্চগড়ে যাতায়াতের ক্ষেত্রে এই ট্রেন দুটি একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম। ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা অনেক সময় জীবন ঝুঁকিতে ফেলে বাসে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। এছাড়া ব্যবসায়ীরাও ট্রেন না থাকায় মালামাল বহনে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে, যা তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হাবিজার রহমান বলেন, বন্ধ থাকা ট্রেন দুটি দ্রুত চালু করতে রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ জরুরি। কাপড় ব্যবসায়ী হুমায়ুন কবিরও উল্লেখ করেন, ট্রেন নিরাপদ ও স্বস্তিকর যাত্রাপথ, যা বন্ধ থাকায় স্থানীয় জনগণ সীমাহীন দুর্ভোগে পড়ছে।
বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল্লাহ আল মামুন মুঠোফোনে জানান, ট্রেন দুটি এখনও টাইমটেবলে রয়েছে, কিন্তু লোকবল ও ইঞ্জিন সংকটের কারণে এখন চালু করা সম্ভব হচ্ছে না। তবে বিকল্প হিসেবে দোলনচাপা এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। ভুক্তভোগিরা দাবি করেছেন, দোলনচাপা এক্সপ্রেস ট্রেন হলেও সব স্টেশনে যাত্রা বিরতি না থাকায় সমস্যার সমাধান হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

