AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বালিজুড়ী বাজারে যানজট ও ফুটপাত দখল, বাড়ছে ভোগান্তি


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০১:০৩ পিএম, ৩ মার্চ, ২০২৬

বালিজুড়ী বাজারে যানজট ও ফুটপাত দখল, বাড়ছে ভোগান্তি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসানো হয়েছে অস্থায়ী ও ভ্রাম্যমাণ দোকান। ফলে পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত কার্যত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে সাধারণ মানুষকে সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে, যা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বাড়াচ্ছে জনদুর্ভোগ।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, পৌর শহরের বালিজুড়ী বাজারের সাবেক সরকার বস্ত্রালয় মোড়, ঠাকুরবাড়ি মোড়, জোনাইল সড়ক মোড় ও মুচির বাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফুটপাত দখল হয়ে থাকায় ক্রেতা ও পথচারীরা সড়কেই চলাচল করছেন। এতে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনই এমন যানজট লেগে থাকে। কিন্তু প্রশাসন বা পৌর কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ে না। তারা দ্রুত যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান।

ফুটপাত দখলের কারণে অটোরিকশাসহ অন্যান্য যানবাহন সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। অনেক চালক যত্রতত্র অটোরিকশা পার্কিং করে রাখছেন। এতে বাজার এলাকায় দিনের বেশিরভাগ সময়ই তীব্র যানজট লেগে থাকে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ভোগান্তি চরম আকার ধারণ করে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। দ্রুত ফুটপাত দখলমুক্ত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পথচারীরা।

সচেতন মহল মনে করছেন, নিয়মিত বাজার তদারকি, অবৈধ দখল উচ্ছেদ এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “ইজারাদারকে ডেকে বলে দেওয়া হয়েছে। এরপরও ব্যবস্থা না নিলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!