গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-এ উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এবং আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পণ্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রঞ্জু মিয়া (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পণ্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে। তিনি চার মাস আগে ওই মাদ্রাসার একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ছাত্রীর পরিবারের খোঁজখবর নেওয়ার অজুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং প্রায় সময় তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।
গত ১৮ ডিসেম্বর ২০২৫ সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে জানান, উপবৃত্তির ফরমে স্বাক্ষর করার জন্য জরুরি ভিত্তিতে তার পান্থাপাড়ার বাসায় যেতে হবে। অধ্যক্ষের কথায় সরল বিশ্বাসে ছাত্রীটি বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় যান। সেখানে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় কৌশলে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালায়। শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

