গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ধর্মীয় ও সামাজিক এ ধরনের আয়োজন মানুষের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যকে সুদৃঢ় করে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মুকসুদপুর উপজেলার শিমুলশুর গ্রামে প্রয়াত অনুজ মজুমদারের আত্মার শান্তি কামনায় আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী হলেও তার কর্মই তাকে স্মরণীয় করে রাখে। অনুজ মজুমদারের অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এ সময় তিনি অনুজ মজুমদারের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর থানা-র অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাগর মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ এবং বিএনপি নেতা বদরুজ্জামান এজাজ।
এ সময় সমাজসেবী কৃষ্ণ দাস ভদ্র, বিপ্লবী মজুমদার, শিক্ষক মুক্তা এজাজ, হারাধন বালাসহ আরও অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

