প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ৬৫৯টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিংরাইল গ্রামে এ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এবং ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আব্দুল আউয়াল ফরাজী, আব্দুল মতিন এবং কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো বিভিন্ন সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা সহজে পাবে। এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

