বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ এনে খসড়া চার্জশিট প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আইনি মতামতের জন্য প্রায় ১০ হাজার পৃষ্ঠার এ খসড়া অভিযোগপত্র অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান এ তথ্য জানান।
সিআইডি সূত্রে জানা যায়, এক দশকের বেশি সময় ধরে তদন্তের পর দেশের অন্যতম আলোচিত আর্থিক কেলেঙ্কারির মামলায় এ খসড়া অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। এতে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা ও চীনের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান এবং উপপরিচালক জোবায়ের বিন হুদা। এছাড়া ভারতীয় নাগরিক ও বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা রাকেশ আস্থানার নামও অভিযোগপত্রে রয়েছে।
তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় খসড়া অভিযোগপত্র যাচাই-বাছাই করছে। আইনি পরামর্শ পাওয়ার পর মামলার পরবর্তী কার্যক্রম শুরু হবে।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অজ্ঞাতনামা হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তরের চেষ্টা চালায়। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি হিসাবে পাঠানো হয় এবং ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানোর চেষ্টা করা হয়।
তবে অর্থ স্থানান্তরের নির্দেশনায় বানানজনিত ভুল থাকায় শ্রীলঙ্কায় ২০ মিলিয়ন ডলার পাঠানোর প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয় বাংলাদেশ।
এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে মামলাটির তদন্ত করছে সিআইডি।
এর আগে সিআইডি জানিয়েছিল, ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অর্থ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

