নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে উপজেলার কাইটাইল ইউনিয়নের গণেশ হাওরে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব মিয়া উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে রাজিব মিয়া বাড়ির পাশের গণেশ হাওরে বাইর (দোয়ারি) থেকে মাছ তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, রাজিবের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের আট সদস্যের মধ্যে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, “বজ্রপাতে রাজিব নামের এক যুবকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সরকারি বিধান অনুযায়ী পরিবারটিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।”
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

