আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের স্মরণে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।
এক শোকবার্তায় তিনি বলেন, “শহীদ সেনানিদের এই আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে। পিলখানা ট্র্যাজেডিতে আমরা হারিয়েছি দেশের সূর্যসন্তানদের। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের অসীম সাহসিকতা ও ত্যাগ জাতি চিরকাল বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে।”
লায়ন হারুনুর রশিদ আরও উল্লেখ করেন, এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হারানোর ক্ষত আজও প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তার শেষে তিনি বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হোক আমাদের অঙ্গীকার। দেশপ্রেমিক ওই বীর সন্তানদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

