মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে শিবপুর উপজেলা জাকের পার্টি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শিবপুর উপজেলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে নরসিংদী জেলা জাকের পার্টি সিনিয়র সহ-সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত এমপি প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর শিবপুর উপজেলা জাকের পার্টি সভাপতি মোঃ আসাদুজ্জামান পাঠান, সাধারণ সম্পাদক মোঃ হায়েজ উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, মহিলা ফ্রন্টের সভা নেত্রী শাহিনা বেগম, ছাত্রী ফ্রন্টের সভা নেত্রী কারিমা আক্তার, অর্থ সম্পাদক তানিয়া বেগম, সাধারচর ইউনিয়নের ছাত্র ফ্রন্টের সভাপতি শাহ সুফিসহ জাকের পার্টির ছাত্র ফ্রন্ট, তালাবা ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্টের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় তারা খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সায়েম পাঠান বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদেরকে শিক্ষা দেয় যে চাপিয়ে দেওয়া রাজনৈতিক অপসংস্কৃতিকে এদেশের জনগণ কখনো মেনে নেয়নি, জনগণের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা কখনো সফল হয়নি। এদেশের জনগণ নিজের অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য রক্ষার জন্য যখনই প্রয়োজন হয়েছে, আন্দোলন গড়ে তুলেছে। এই মহান একুশে ফেব্রুয়ারি শিক্ষা দেয়, সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে সচেতন থাকতে হবে, এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমরা জনগণের অধিকার রক্ষায় সবসময় আপোষহীন। ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠা জাকের পার্টির অন্যতম মূল লক্ষ্য। সেইসাথে যে কোনো রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে জাকের পার্টি সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

