ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে মোট ৮ জন প্রার্থী অংশ নিলেও ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৪১ হাজার ৮১১, যা শতকরা ৭০.২২%।
চলনবিল অধ্যুষিত এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী তরবিয়াত সেক্রেটারি ও ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাওলানা আলী আছগার ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
ফলাফলে দেখা গেছে, আলী আছগার দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন, ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট পেয়েছেন। ফলে মাত্র ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে আলী আছগারের।
পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. শাহেদ মোস্তফা বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন:
স্বতন্ত্র প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম (ঘোড়া) – ৩৮,০২৭ ভোট
গণঅধিকার পরিষদ মনোনীত হাসানুল ইসলাম রাজা (ট্রাক) – ৯৮৬ ভোট
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল খালেক (হাতপাখা) – ১,৭৬৯ ভোট
জাতীয় পার্টি মনোনীত মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল) – ১,০৭২ ভোট
বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) – ১,৪২০ ভোট
গণফোরাম মনোনীত সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য) – ১৭৩ ভোট
সংসদীয় আইন অনুযায়ী, একজন প্রার্থীকে নির্বাচনে সফল হতে হলে মোট ভোটের কমপক্ষে এক অষ্টমাংশ (১২.৫%) ভোট পেতে হবে। ওই ৬ প্রার্থী এই শর্ত পূরণ করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

