নেত্রকোনার সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথ কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নূরপুর সিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দেয়।
ঘটনায় বুথ কক্ষে থাকা দুটি বেঞ্চ, একটি ফ্যান ও লাইট পুড়ে গেছে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ধারণা, রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। মঙ্গলবার সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।
পুলিশ জানায়, বিদ্যালয়টিতে মোট সাতটি বুথ রয়েছে। এর মধ্যে পুরোনো ভবনে চারটি বুথ ছিল। ওই ভবনের একটি বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

