এই নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এই নির্বাচন দেশের উন্নয়নের নির্বাচন। মাদক ও বেকারমুক্ত শিবপুর প্রতিষ্ঠার নির্বাচন। ১২ তারিখে জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয় লাভ করে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে প্রত্যেক পরিবারের একজনকে করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঁচ বছর পর্যন্ত বিনামূল্যে বিতরণ করা হবে।
কৃষক ভাইদের ঘরে ঘরে কৃষি কার্ড করে দেওয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হবে। দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে এবং কম সুদে কৃষি ঋণ দেওয়া হবে।
বাংলাদেশের বিশ কোটি মানুষকে হেলথ কার্ড প্রদান করা হবে। এই কার্ড থাকলে দেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া যাবে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকার বন্ধ থাকা কমিউনিটি ক্লিনিকগুলো এক বছরের মধ্যে পুনরায় চালু করা হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী-০৩ শিবপুর আসনের আইয়ুবপুর ইউনিয়নের নোয়াপাড়া ত্রিশা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনজুর এলাহী বলেন, নির্বাচনে জয়ী হলে শিবপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। রাস্তাঘাট, কালভার্টসহ শিবপুরে উন্নয়নের জোয়ার বইবে।
সমাজের সব স্তরের বিদ্যমান বৈষম্য দূর করে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি শিবপুরে ব্যাপক উন্নয়ন করা হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নরসিংদী-০৩ শিবপুরের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

