বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, লেখক ও গবেষক এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ বলেছেন, “মানবসেবার ঊর্ধ্বে কোনো সেবা নেই। আমাদের সবচেয়ে বড় পরিচয়—আমরা মানুষ। এই দেশে কেউ সংখ্যালঘু নয়; সবাই সমান অধিকার ও মর্যাদার নাগরিক।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে অভিধান থেকেই ‘সংখ্যালঘু’ শব্দটি মুছে যাবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলার বহুগ্রাম মিলাধীন ধারেন্দা গ্রামের নির্মল বিশ্বাসের বাড়িতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবরিনা বিনতে আহমেদ বলেন, বিএনপি সরকার গঠন করলে তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি। এ লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে গণমানুষের সমর্থন ও জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী হারান চন্দ্র মণ্ডল, কৃষ্ণ চন্দ্র বালা, তপন বিশ্বাস, প্রভাষ বাকচী, মহিতোষ বালা, পলাশ চন্দ্র দাসসহ আরও অনেকে।
অনুষ্ঠানজুড়ে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশেষ করে নারীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এ সময় উপস্থিত সকলে বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে সেলিমুজ্জামান সেলিমকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

