সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি স্টেশনে দুষ্কৃতকারীরা আকস্মিক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার বিকেলে মংলা থানার অধীনস্থ হারবারিয়ায় জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশনে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কর্তব্যরত বেশ কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর বাহিনীটি ওই এলাকায় একটি অভিযান শুরু করেছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, মোংলার জয়মনির ঘোল এলাকাটি দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে কোস্টগার্ড স্টেশন স্থাপনের পর থেকে দস্যুদের রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের পথ বন্ধ হয়ে যায়।
ফলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ায় বনদস্যু ও তাদের সহযোগীরা এই এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি মেনে নিতে পারছিল না। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একদল দুর্বৃত্ত জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশনে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।
কোস্টগার্ড জানিয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধুচক্র নিজেদের অপকর্ম চালিয়ে যাওয়ার সুবিধার্থে ওই স্থান থেকে কোস্টগার্ডকে সরিয়ে দিতে চায়। আর এই লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই হামলা, ভাঙচুর এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

