মাদকের প্রভাবে নষ্ট হচ্ছে যুবসমাজ, ঝরে পড়ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। সমাজে বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ ।
অভয়নগরে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজে মাদকের ভয়াবহতা ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন (বৃহস্পতিবার) সকালে অভয়নগরের মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক ও সাংবাদিক গাজী আবুল হোসেনের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফায়সাল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আক্তার। এসময় মাদকের প্রভাবে ও সচেতনতার অভাবে কিভাবে মেধাবী শিক্ষার্থীরা ধ্বংস হয়ে যায় এবং একটি পরিবারও ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়ে একটি ডকুমেন্টারি প্রজেক্টরে প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় ।
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর হোসেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান, প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

