নতুন ঘোষিত বাজেটে সরকারের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বাড়লে বেসরকারি খাতে ঋণপ্রবাহে চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বৃহস্পতিবার (১১ জুন) বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংসদ ভবনের জেনারেল এম এ জি ওসমানী গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ উদ্বেগের কথা জানান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তিনি বলেন, এবারের বাজেট বেসরকারি খাতের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সরকারের ব্যাংকিং খাত থেকে ঋণ গ্রহণ বেড়ে গেলে বেসরকারি উদ্যোক্তাদের জন্য অর্থের প্রাপ্যতা কমে যেতে পারে, যার ফলে বিনিয়োগ প্রবাহে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
ড. মোয়াজ্জেম আরও বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের উচিত অভ্যন্তরীণ উৎসের পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকেও বেসরকারি খাতের জন্য অর্থায়নের সুযোগ বাড়ানো এবং বিকল্প অর্থপ্রবাহের ব্যবস্থা নিশ্চিত করা।
বাজেটের ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে করজাল সম্প্রসারণের উদ্যোগকে তারা স্বাগত জানায়। এটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য বড় অর্জন হতে পারে।
তবে বাজেটের আকার ও অর্থায়ন কাঠামো নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে সিপিডির এই অর্থনীতিবিদ বলেন, রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। একইসঙ্গে বৈদেশিক ঋণ প্রত্যাশিত মাত্রায় না এলে সরকারকে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ ব্যাংক ঋণের ওপর নির্ভর করতে হতে পারে; যা বেসরকারি খাতে ঋণপ্রবাহ আরও সংকুচিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

