ময়মনসিংহে গফরগাঁওয়ে বিএনপির প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থীর এবি সিদ্দিকুর রহমান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পালটাধাওয়ার ঘটনা ঘটেছে।
এই সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহতরা হলেন আব্দুল্লাহ ও সোহাগ। বুধবার (২১ জানুয়ারি) বিকালে পৌর শহরের থানা এলাকা ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে প্রতীক পাওয়ার পর বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর কর্মী সমর্থকরা গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে জড়ো হন।
প্রতীক পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাঁস প্রতীকের সমর্থকরা পৌর শহরে আনন্দ মিছিল বের করেন। মিছিলটি ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে দুইপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় দুইপক্ষের মাঝে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ ঘটনার জেরে সন্ধ্যায় গফরগাঁও রেলস্টেশনসংলগ্ন ধানের শীষের সমর্থক উপজেলা ছাত্রদল সভাপতি মুক্তার হোসেনের অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর লোকজন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে দুপক্ষের কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বাজারে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ধানের শীষের প্রতীক পাওয়ার পর দলের নেতাকর্মীরা ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মিছিলের জন্য জড়ো হন। স্বতন্ত্র প্রার্থীর লোকজন অতর্কিত আমার লোকজনের ওপর গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটনায়।
স্বতন্ত্র প্রার্থী,হাঁস প্রতীক, এবি সিদ্দিকুর রহমান বলেন, আমি শান্তিপূর্ণ পরিবেশে মিছিল নিয়ে থানার সামনে দিয়ে যাচ্ছিলাম। কোনো কারণ ছাড়াই আমার মিছিলে হামলা এবং গুলি চালায় প্রতিপক্ষের লোকজন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, গফরগাঁওয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।
উপজেলা নির্বাহী অফিসার এনএম আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর শহরে যৌথবাহিনী টহল জোরদার করেছে। তবে পৌরশহরে আতঙ্ক বিরাজ করছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

