ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে ১১ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক বরাদ্দ ঘোঘনা করে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত । ১১ প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক যারা পেয়েছেন তারা হলেন, বিএনপির আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলীকে (দাঁড়ি পাল্লা), ইসলামী আন্দোলনের মো. কাউসারকে (হাত পাখা), জাতীয় পার্টির মিথিলা রোয়াজাকে (লাঙল), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মো. নুর ইসলামকে (আপেল), গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজাকে (ট্রাক), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমাকে (রকেট), ও বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফাকে (হারিকেন) দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এছাড়াও দলীয় প্রতীকের পাশাপাশি তিন স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমাকে (ঘোড়া), বিএনপির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানকে (ফুটবল), ও জিরুনা ত্রিপুরাকে (কলস) মার্কা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
খাগড়াছড়ি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া বাকী ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
পরে, গত (৩ জানুয়ারি ) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত মনোনয়নপত্র যাচাই করে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন ও সাতজনের মনোনয়নপত্র বাতিল এবং একজনের প্রার্থীতা স্থগিত করেন।
পরবর্তীতে বাতিল হওয়া সাতজন প্রার্থী আপিল করলে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আরও ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পায়। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহারকারী দুজন প্রার্থী হলেন—স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী।
শেষ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ভোটের লড়াইয়ে মাঠে থাকছেন ১১ জন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

