কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬-এর ডি ব্লকে আগুন লাগলে সাড়ে চার শতাধিক বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শরণার্থীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় রোহিঙ্গাদের যৌথ প্রচেষ্টায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।
তিনি জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্যাম্পে কর্মরত রোহিঙ্গা স্বেচ্ছাসেবকরাও সহায়তা করেন। দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই চারশ থেকে সাড়ে চারশর বেশি ঘর ভস্মীভূত হয়।
স্টেশন অফিসার আরও জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নির্ধারণ করা যায়নি। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, শীত মৌসুম এলেই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়মিতভাবে ঘটছে। অতীতে একাধিকবার এক রাতেই হাজার হাজার বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। সর্বশেষ এই অগ্নিকাণ্ডের পর ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সবকিছু হারিয়ে বহু পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

