পৌষ মাসের শেষভাগে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। কখনো মৃদু, আবার কখনো মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে এলাকায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তীব্র ঠান্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবীরা।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত করা হয়। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
এর আগের দিন শনিবার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার নেমে আসে ৬ দশমিক ৮ ডিগ্রিতে।
সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে, মাঝারি শৈত্যপ্রবাহের মধ্যেও সকাল থেকেই সূর্যের দেখা মিলছে। তবে রাতভর এবং ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা বিরাজ করছে। পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। সূর্যের আলো ছড়াতে শুরু করলে দিনের বেলায় কিছুটা স্বস্তি মিলছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত মৌসুমে জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রাত ও দিনের বিভিন্ন সময়ে পাহাড়ি হিম বাতাস প্রবাহিত হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, জানুয়ারি মাসজুড়ে এই শীতের তীব্রতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

