ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে গেলে চালক ও সহকারী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরোনো ব্রিজে দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুজন হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের বাসিন্দা মুবারক হোসেন (২০) ও সোহেল শেখ (২৭)। মুবারক হোসেন ছিলেন ট্রাকটির হেলপার এবং সোহেল শেখ চালকের দায়িত্বে ছিলেন।
যশোর অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল। রাতের দিকে বড়দাহ পুরোনো ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। ভোরের দিকে নদী থেকে হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল প্রায় ৮টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

