চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে বিকেলে ভলিবল খেলার সময় হঠাৎ হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে পড়েন পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানান, হার্ট অ্যাটাকের পর এসআই আব্দুল আলিমকে দুইবার হাসপাতালে আনা হয়েছিল। প্রথমবার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কিছুক্ষণ পর আবার হাসপাতালে আনা হলে দ্বিতীয়বার তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহত পুলিশ কর্মকর্তা আব্দুল আলিম পাবনা জেলার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, ভলিবল খেলার সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

