ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে ভোর থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে সম্ভাব্য নৌ দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় সকাল সোয়া ৬টা থেকে যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। দীর্ঘ অপেক্ষায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, নৌ দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘন কুয়াশার কারণে সকাল সোয়া ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল চালু করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে ধাপে ধাপে যানবাহন পারাপার করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

