সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩০) একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, ৫ আগষ্টে সরকার পরিবর্তের পর থেকে যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাধের পাশে কয়েকটি ড্রেজার বসিয়ে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছিল।
হাফিজুল ইসলাম হাফিজও তাদের সাথে জড়িত ছিলেন। রবিবার রাতে একটি ড্রেজারের ব্লাডহেডের ইঞ্জিনের অংশে ৪ সহযোগীর সাথে হাফিজ ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে যান।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। রাতে তারা ৫জন এক সাথে ড্রেজারের ব্লাডহেডের ইঞ্জিনের অংশে ঘুমিয়ে ছিলেন। সহযোগীরা বলছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজ মারা গেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

