বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি কুচক্রী মহল সক্রিয় রয়েছে। তাদের উদ্দেশ্য দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন ঠেকিয়ে দীর্ঘদিন ধরে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশের স্বার্থান্বেষী একটি চক্রের সহায়তায় এ ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। তবে দেশের সচেতন জনগণ ইতোমধ্যে এই অপচেষ্টা প্রতিহত করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালি মান্দ্রা বিজয় স্তম্ভে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. রিপন বলেন, যারা চায় না বাংলাদেশ স্বাবলম্বী হোক, গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাক কিংবা জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক—তারাই বারবার সহিংসতা ও নাশকতার পথ বেছে নেয়। কিন্তু দেশের মানুষ নিজের সরকার ও প্রতিনিধি নিজেরাই নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করতে চায়। জনগণের এই ন্যায্য আকাঙ্ক্ষা দমন করতেই ষড়যন্ত্রকারীরা নানাভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ২৪ আগস্ট জনগণ যে গণঅভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, সেই চেতনায় ঐক্যবদ্ধ থাকলে সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা থেকে দেশ রক্ষা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান খান, বিএনপি নেতা মোশাররফ হোসেন নসু, দেওয়ান জহির আমীনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

