ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মৌলিক অধিকার রক্ষায় মিথ্যা মামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেন, মিথ্যা মামলা কখনোই কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে দুর্বল করে না; বরং তা আন্দোলনকে আরও শক্তিশালী করে।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, গত সতেরো বছরে মিথ্যা মামলার কারণেই বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্প্রতি স্পষ্টভাবে বলেছেন—আমাদের আচরণ যদি বিগত ফ্যাসিস্টদের মতোই হয়, তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্য কোথায় থাকবে?
ওই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মাজেদ বাবু বলেন, ব্যক্তিগত, পারিবারিক কিংবা সামাজিক কোন্দল থেকে কেউ যদি কাউকে মিথ্যা মামলায় জড়ায়, তাহলে তিনি তার বিরুদ্ধে অবশ্যই অবস্থান নেবেন। বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, কোনো পরিস্থিতিতেই কারও মৌলিক বা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না। তিনি বলেন, “১৭ বছর ত্যাগ স্বীকার করেছি বলেই যা খুশি করা যাবে—এই মানসিকতা গ্রহণযোগ্য নয়।”
তিনি জানান, দলের ভেতরে ও বাইরে কিছু আচরণ তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। অন্যায়ের সঙ্গে আপোষ করে রাজনীতি করার প্রশ্নই ওঠে না বলেও মন্তব্য করেন তিনি।
কোনো ব্যক্তি ভিন্ন মতের বা ভিন্ন দলের হলেও তার মৌলিক অধিকার হরণ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক আন্দোলনের মূল ভিত্তিই ছিল নৈতিকতা ও মানুষের অধিকার রক্ষা। মানুষের সম্মান নষ্ট করা, শান্তি বিনষ্ট করা কিংবা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা কখনোই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, রাজনীতিতে আসলে ক্ষমা করতে শিখতে হয়; ক্ষমাশীল না হলে প্রকৃত অর্থে রাজনীতিবিদ হওয়া সম্ভব নয়। সবশেষে তিনি জানান, ওয়ার্ড পর্যায় থেকে থানা পর্যন্ত সবার কর্মকাণ্ড তিনি নজরে রাখছেন এবং ভবিষ্যতে নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে এসব আচরণ অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি তিনি আহ্বান জানান, এ ধরনের কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্টদের সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার জন্য।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

