আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, “গ্রামে গ্রামে, পাড়া–মহল্লায়, প্রত্যেক কেন্দ্রে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী নির্বাচনে আমাদের লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা। মুকসুদপুর-কাশিয়ানী আসনকে একটি শক্তিশালী সংসদীয় আসনে পরিণত করতে সকলকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এই দুই উপজেলার অর্থনৈতিক, পর্যটনসহ বৈধ সব ব্যবসায় বাণিজ্যের সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান সময়ে কাশিয়ানী ও মুকসুদপুরের জনগণ ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ও দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এই অন্ধকার পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়ুন।”
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ সভাপতি মহাসিন সরদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম সাহিদসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

