জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ও অর্থ সচিব পদে মো. কামরুজ্জামানকে মনোনীত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় এই গুরুত্বপূর্ণ পদে মানিকগঞ্জের একজন নেতার দায়িত্বপ্রাপ্তিকে স্থানীয় নেতাকর্মীরা ইতিবাচকভাবে দেখছেন। জেলা কমিটির পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সংগঠনের জেলা পর্যায়ের নেতারা জানান, শ্রমিক অধিকার রক্ষা, সংগঠনের বিকাশ ও নেতৃত্বের ক্ষেত্রে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ কামরুজ্জামানকে এই পদে মনোনীত করা হয়েছে। তাঁর এই দায়িত্বপ্রাপ্তি কেন্দ্রীয় কমিটিতে মানিকগঞ্জের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন তাঁরা।
কামরুজ্জামান আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় থাকায় তাঁর এই পদোন্নতি স্থানীয় রাজনীতিতে নতুন গতি আনবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। এ পদোন্নতিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ করা যাচ্ছে।
কামরুজ্জামান মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সংগঠন ও পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে শ্রমিককল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
নেতাকর্মীদের প্রত্যাশা, কেন্দ্রীয় কমিটিতে কামরুজ্জামানের নেতৃত্ব সংগঠনের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

