রাজবাড়ীর পাংশা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি সচল পাইপগানসহ মহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মহিদুল উপজেলার বহলাডাঙ্গা বালিয়ারচরপাড়া এলাকার যতন আলী মণ্ডলের ছেলে।
সোমবার (২৩ জুন) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
এর আগে, রবিবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারের তত্ত্বাবধানে পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মহিদুলকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিদুল স্বীকার করে যে তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে, রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির রান্নাঘরের জ্বালানির (গোবরের মুঠি) স্তূপের নিচে লুকানো অবস্থায় একটি বাজারের প্লাস্টিকের ব্যাগ থেকে দেশীয় তৈরি সচল পাইপগানটি উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মহিদুল ইসলামের বিরুদ্ধে দেশের প্রচলিত অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

