স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। পরিবেশ রক্ষা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়নের স্বার্থে সবুজায়নের কোনো বিকল্প নেই। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করা হলে তা শুধু প্রকৃতির ক্ষতিই করে না, মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।
তাই জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর সব ধরনের ময়লার ভাগার অপসারণে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নিতে হবে।
রবিবার (১৪ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লা-আবর্জনার স্তুপ আংশিক অপসারণ,বালু ভরাট পরিদর্শন এবং সেখানে ফুল,ফলদ,ঔষধি ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, শুধু ময়লার স্তুপ অপসারণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ভবিষ্যতে যাতে এসব স্থানে পুনরায় বর্জ্য ফেলা না হয়, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের পাশে গড়ে ওঠা ময়লার ভাগারটি পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এর আগে বহুবার ময়লার অপসারণ করে কোনো সুফল না পাওয়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ রক্ষার এই আন্দোলনে জনপ্রতিনিধি,প্রশাসন, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে নিয়ে ময়লার ভাগাড় সরিয়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করা হয় ।
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, সড়কের পাশে ময়লার স্তূপ শুধু এলাকার সৌন্দর্যহানিই ঘটায়নি, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছিল। আজকের এই উদ্যোগ এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের কর্মচারী,স্থানীয় স্বেচ্ছাসেবক এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে ভুলতা-গাউছিয়া এলাকার ময়লা-আবর্জনার স্তুপ সম্পূর্ণ অপসারণ করা হবে। এরপর পুরো স্থান বালু দিয়ে ভরাট করে পর্যায়ক্রমে সেখানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজ হাতে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত অতিথি ও স্থানীয় বাসিন্দারাও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

