ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনের প্রাক্কালে ঐক্য, সম্প্রীতি ও পর্যটন শিল্পের উন্নয়নের বার্তা নিয়ে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে টোয়াব অগ্রগামী ঐক্যজোট।
শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে টোয়াবের সদস্য, পর্যটন খাতের বিভিন্ন অংশীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সাংস্কৃতিক পরিবেশনা, মতবিনিময় এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, আসন্ন টোয়াব নির্বাচনকে সামনে রেখে এ আয়োজন শুধু একটি সামাজিক মিলনমেলা নয়; বরং দেশের পর্যটন শিল্পের অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
অনুষ্ঠানে সুফি সংগীত পরিবেশনার পাশাপাশি পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্যানেল প্রধান ও সভাপতি পদপ্রার্থী ড. তাসলিম আমিন শোভন এবং অন্যান্য সদস্যরা একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও টেকসই পর্যটন খাত গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, বাংলাদেশের পর্যটন শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। এ খাতের উন্নয়নে অভিজ্ঞ নেতৃত্ব, স্বচ্ছতা এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। একই সঙ্গে শিল্পের উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ও দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের মাধ্যমে ভিন্নমতের ঊর্ধ্বে উঠে পর্যটন শিল্পের বৃহত্তর স্বার্থে ঐক্য ও সহযোগিতার বার্তা তুলে ধরা হয়। শেষে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং পর্যটন শিল্পের উন্নয়নে তাদের সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোয়াবের সাবেক সভাপতি ও গ্যালাক্সি বাংলাদেশের গ্রুপ চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ, টোয়াবের সাবেক সভাপতি ও ইনোগ্লোবের চেয়ারম্যান ফরিদুল হক, বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)-এর সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ, ট্রাভেল ক্যানভাসের প্রধান সম্পাদক সৈয়দ গোলাম কাদির এবং বোটোয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি)-এর নির্বাহী পরিচালক রেজাউল একরাম (রাজু)।
এছাড়া টোয়াবের সম্মানিত সদস্যবৃন্দ এবং পর্যটন শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ট্রাভেলবাংলা ডটকমের প্রধান সম্পাদক প্রণব সাহা। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী ও বোটফের সভাপতি চৌধুরী হাসানুজ্জামান রনি এবং উপ-সমন্বয়কারী, বাংলাদেশ ভ্যাকেশনের সিইও আবদুল্লাহ আল কাফি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

