গণতন্ত্রের চর্চা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চাঁদপুরের ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন।
শনিবার (১৩ জুন) ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত হয় ভোট। ৪০ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে আগামীর নেতৃত্ব নির্বাচন করেন সাংবাদিকরা।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর ফরিদগঞ্জ প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক যুগান্তর এর- ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তীকে পরাজিত করেন।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে চারজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে জয়ী হয়েছেন চ্যানেল ওয়ান-এর চাঁদপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইকবাল হোসেন, আনিছুর রহমান সুজন, জাকির হোসেন ও শাকিল হাসান।
শনিবার সকালে সাধারণ সভার মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। এরপর দুপুর থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করেন প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাবের বিদায়ী সভাপতি মামুনুর রশিদ পাঠান, বিদায়ী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ এবং সাবেক সভাপতি নুরুন্নবী নোমান।
ফলাফল ঘোষণার সাথে সাথেই নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন স্থানীয় সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
নবনির্বাচিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া তাদের প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় কেবল আমাদের দু’জনের নয়, এটি ফরিদগঞ্জের সাংবাদিক সমাজের বিজয়। আমরা ফরিদগঞ্জ প্রেসক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে আরও বেগবান করতে বদ্ধপরিকর। সাংবাদিকদের ঐক্য বজায় রেখে এলাকার উন্নয়নে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করে যাব।”
ফরিদগঞ্জ প্রেসক্লাবের এই নির্বাচন স্থানীয় সাংবাদিকদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। নতুন নেতৃত্বের হাত ধরে ক্লাবটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে-এমনটাই প্রত্যাশা স্থানীয় সুধীমহলের।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

