আনোয়ার ও শারমিনের বৈবাহিক জীবন ছিল মাত্র কয়েক বছরের। জীবনের ছোট ছোট আনন্দ, সংসারের ছোট ছোট স্বপ্ন, সবই শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডের দুর্ঘটনায়। এই মর্মান্তিক ঘটনায় কুড়িগ্রামের কাঠগিরি গ্রামে চলছে শোকের মাতম।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কাঠগিরি গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২২)। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে চাঁপড়ীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুজনেই ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে কুড়িগ্রামের পথে রওনা দিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরা আর হলো না। জীবনের সব স্বপ্ন থেমে গেল মহাসড়কের রক্তাক্ত দৃশ্যের মধ্যে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দম্পতি মোটরসাইকেলে করে ঢাকা থেকে কুড়িগ্রামের বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় পৌঁছালে পশ্চিম পাশে সড়কে বসানো রাবারের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের দুজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
নিহত আনোয়ার হোসেন ছিলেন ইউসুফ আলীর ছেলে। আর স্ত্রী শারমিন ছিলেন সদ্য বিবাহিত জীবন শুরু করা এক তরুণী। তাদের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আনোয়ারের বড় ভাই আবু হানিফ কান্নাজড়িত কণ্ঠে বলেন,"ভাই বলছিল, ঈদে আসবো মা-বাবার মুখ দেখবো, নতুন জামা আনছি শারমিনের জন্য... এখন শুধু তার রক্তমাখা দেহ এলো।
একুশে সংবাদ/ কু.প্র/এ.কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

