রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার কারণ এখনও তদন্তাধীন এবং সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার(২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) অচল থাকা, শ্বাসরোধজনিত কোনো পরিস্থিতি কিংবা গ্যাস লিকেজসহ বিভিন্ন বিষয় তদন্তের আওতায় রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি বলেন, “ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন। এ ধরনের ঘটনায় পোস্টমর্টেম না হলে ভবিষ্যতে বিচারিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে এবং অভিযুক্ত পক্ষ সুবিধা পেতে পারে।”
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে দাফনের পরও মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা যেতে পারে।
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা ঘটলে তা নিন্দনীয়। সাংবাদিকদের তথ্য সংগ্রহের অধিকার রয়েছে এবং কোনোভাবেই তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া উচিত নয়।
তবে এ বিষয়ে মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তার জানা মতে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগের ভিত্তিতে মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার বিচারিক অগ্রগতির বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে।
তার ভাষ্য, সাক্ষ্যগ্রহণসহ প্রসিকিউশন-সংক্রান্ত কার্যক্রমে সরকার দায়িত্ব পালন করছে এবং অবশিষ্ট সাক্ষীদের আদালতে হাজির করার বিষয়েও সহায়তা দেওয়া হচ্ছে। তবে বিচারিক সিদ্ধান্ত সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত বলে উল্লেখ করেন তিনি।
এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তারের তথ্যও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

