বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে একদিন একই পর্দায় অভিনয় করার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।
‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার অভিনয়শৈলী, রোমান্টিক উপস্থিতি এবং স্বাভাবিক অভিব্যক্তিরও প্রশংসা করেছেন তিনি। তিশার ভাষ্য, সুযোগ পেলে কোনো দ্বিধা ছাড়াই ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে চান।
সম্প্রতি একটি জনপ্রিয় সেলিব্রিটি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন তাসনুভা তিশা। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক জানতে চান, বলিউডের কোন অভিনেতার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। জবাবে তিশা বলেন, ‘আমি ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই।
অভিনয়ে তিনি যে আবেগ ও নিবেদন দেখান, তা সত্যিই অসাধারণ। পর্দায় রোমান্সকে তিনি খুব স্বাভাবিক ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারেন। তাকে দেখলে মনে হয়, দৃশ্যগুলো যেন বাস্তবেই ঘটছে।’
অনুষ্ঠানে তিশা আরও জানান, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার।
তবে তার সেই স্বপ্নের কথা শুনে বাবা প্রায়ই রসিকতা করতেন। তিশা তখন ছিলেন খুব ছিপছিপে বা হালকা ওজনের। হেসে বাবা বলতেন, ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না!’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

