রাজধানীতে নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কর্মসূচি ও প্রচারণাকে নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনায় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল জোরদার, ভোররাত থেকে নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক কার্যক্রমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে। এ কারণে যেকোনো অপরাধমূলক বা অবৈধ তৎপরতা প্রতিরোধে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সামগ্রী নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রচারণাসংক্রান্ত।
রাজধানীজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা সম্পর্কে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, “কোনো রাজনৈতিক নিষিদ্ধ সংগঠনের দিবস আছে কি না, সেটি মূল বিষয় নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন ধরনের কার্যক্রম ও প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। রাত থেকেই বিভিন্ন স্থানে অভিযান ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

