কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৪৫) মারা গেছেন। তিনি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি।
এর আগে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একটি ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাসান মোল্লা। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
গুলিটি তার পেটের ডান পাশে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এবং আকর মোল্লার ছেলে।
হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, তার ভাই দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

