প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর হালনাগাদ খসড়া অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনটির খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক পরামর্শ সভার মাধ্যমে খসড়াটি সংশোধন ও হালনাগাদ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নামেন।
তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতিফলন ঘটাতেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খুব শিগগির মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি গ্রহণ এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

