AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাসড়কে ট্রাকের চাপায় টিকটকারের মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ



মহাসড়কে ট্রাকের চাপায় টিকটকারের মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আফরিন জাহান (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা মোটরসাইকেলের দুই আরোহী। তবে ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হওয়ায় পুলিশ বিষয়টির বিভিন্ন দিক তদন্ত করছে।

শুক্রবার ভোরে উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আফরিন জাহানের বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। তিনি কয়েক মাস ধরে নাটোরের বনপাড়া পৌর শহরের ডিলার মোড় এলাকায় বসবাস করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে তিনি পরিচিত ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনার সময় তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী (১৮) এবং একই এলাকার জলিলের ছেলে পলক (২০)। দুর্ঘটনায় আফরিন ঘটনাস্থলেই মারা যান। আহত দুই যুবক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আফরিনকে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গুরুদাসপুরে নেওয়া হয়েছিল। তবে বৃষ্টির কারণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি বলে দাবি করা হয়েছে। এরপর ভোরে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহত তরুণীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং শারীরিক নির্যাতনের কোনো আলামত রয়েছে কি না, তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!