শীত মৌসুম শুরু হলেই রাজধানীতে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করে—এ বছরও তার ব্যতিক্রম হয়নি। দিনের বেশিরভাগ সময় গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়িতে স্বাভাবিকভাবে রান্না করা যাচ্ছে না। ফলে প্রতিদিনই বাড়ছে নগরবাসীর দুর্ভোগ।
একই সঙ্গে এলপিজি গ্যাসের ঘাটতি ও দাম বৃদ্ধিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগানসহ ঢাকার বিভিন্ন এলাকায় এই সংকটের চিত্র স্পষ্ট। রান্না বন্ধ থাকায় অনেক পরিবার বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন, আবার কেউ কেউ বিকল্প ব্যবস্থার আশ্রয় নিচ্ছেন।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, নিয়মিত গ্যাস বিল পরিশোধের পরও রান্নার জন্য পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। বাধ্য হয়ে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে। আবার সিলিন্ডারের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে অনেককে বাইরে থেকে খাবার এনে খেতে হচ্ছে, যা পারিবারিক ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
অন্যদিকে, যানবাহনের জন্য গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, গ্যাসের চাপ কম থাকায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও সিলিন্ডার পূর্ণ করা যাচ্ছে না। এতে কাজের সময় বেড়ে গেলেও আয় কমে যাচ্ছে।
নগরবাসীর এই দুরবস্থার মধ্যেই তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী কাজী সাইদুল হাসান বলেন, অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ খাতে গ্যাস সরবরাহের পর আবাসিক এলাকায় দেওয়ার চেষ্টা করা হয়। তিনি জানান, ঢাকায় প্রতিদিন প্রায় ১৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও অবৈধ সংযোগের কারণে সংকট তৈরি হচ্ছে। সব বাড়িতে নিয়মিত নজরদারি সম্ভব নয়; অনেক ক্ষেত্রে লাইন বিচ্ছিন্ন করার পরও পুনরায় অবৈধভাবে ব্যবহার শুরু হয়।
বিশেষজ্ঞদের মতে, সংকট মোকাবিলায় সাশ্রয়ী মূল্যে এলপিজি গ্যাসের সরবরাহ বাড়ানো জরুরি। আইইইএফএর প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, প্রতিবছর জ্বালানির চাহিদা বাড়ছে। তাই সরবরাহ সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অপচয় কমাতে আধুনিক ও দক্ষ যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে এলপিজি গ্যাসের বাজারেও অস্থিরতা বিরাজ করছে। গত রোববার (৪ জানুয়ারি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হলেও বাস্তবে অনেক এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

