পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)-এর স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এসএআরডি)-এর অধ্যাপক এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।
শিক্ষাগত জীবনে অধ্যাপক শামীম ১৯৯১ সালে এসএসসি এবং ১৯৯৩ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপান সরকারের মনবুশো বৃত্তি নিয়ে জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় (Okayama University)-এ পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।
তার গবেষণায় রয়েছে ভেষজ উদ্ভিদ, মাটির স্ট্রেপটোমাইসিস প্রজাতি থেকে নতুন অ্যান্টিবায়োটিক ও কীটনাশক আবিষ্কারসহ নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আন্তর্জাতিক জার্নালে তার ৪০টির বেশি গবেষণাপত্র এবং ৯টি বই প্রকাশিত হয়েছে। এছাড়া তার লেখা একাদশ–দ্বাদশ শ্রেণির ‘কৃষিশিক্ষা’ পাঠ্যবই হিসেবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত হচ্ছে।
নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকমহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

