জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগে প্রথমবারের মতো `মাস্টার্স রিসার্চ শোকেস ২০২৬` শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন ও একাডেমিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘হোয়ার রিসার্চ স্পিকস ভিজ্যুয়ালী’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনার একটি নতুন প্ল্যাটফর্ম গঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বিভাগের গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
ভিসি বলেন, মানসম্মত গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে রসায়ন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের আদলে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয়, যা শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করবে এবং চলমান গবেষণা সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করবে।
উদ্বোধনের পর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২১ জন মাস্টার্স থিসিস শিক্ষার্থী পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। পরে মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর বিকাল ২টায় শুরু হয় আমন্ত্রিত বক্তৃতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সমন্বয়ক অধ্যাপক ড. মীর তামজীদ রহমান উদ্বোধনী বক্তব্য দেন এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবির স্বাগত বক্তব্য প্রদান করেন। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিংকির গবেষক ড. জাহির আহমদ এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট (এপিআই অপারেশনস) ড. রাও উওয়াইস আহমদ খান।
তাদের বক্তব্যে গবেষণা, ক্যাটালাইসিস, গ্রিন কেমিস্ট্রি এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অধ্যাপক ড. মীর তামজীদ রহমান বলেন, এ আয়োজনের মাধ্যমে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা তাদের গবেষণার ফলাফল ভিজ্যুয়াল উপস্থাপনার সুযোগ পেয়েছে, যা পারস্পরিক জ্ঞান বিনিময় ও নতুন গবেষণা ধারণা তৈরিতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে এবং অন্যান্য বিভাগও এতে উদ্বুদ্ধ হবে।
বিকাল সাড়ে ৩টায় পুরস্কার ঘোষণা করা হয় এবং সমাপনী বক্তব্য দেন রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আরজু মিয়া। অনুষ্ঠানে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

